শেওড়াপাড়ার চলন্ত বাইকে ইট ছোড়া, যুবকের প্রাণহানি
রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত রাফির পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার পর রাফিকে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন, ১০ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে টানা প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তার মৃত্যু হয়।
এর আগে, ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে ঘটনাটি ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন ও আলোচনা সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে যাওয়ার সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে একটি ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপরেই পড়ে থাকে। পরে ঘটনাস্থলে থাকা অভিযুক্ত ব্যক্তিরাই তাকে রিকশাযোগে হাসপাতালে নিয়ে যায়।
কাফরুল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে।



























