শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী তানিম রেজা বাপ্পি গ্রেফতার
রাজধানীর কমলাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড ও বিশ্বস্ত সহযোগী তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাতে পরিচালিত অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, বাপ্পি দীর্ঘদিন ধরে সুব্রত বাইনের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া, সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
মতিঝিল বিভাগের উপ -পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন -অর রশিদ বলেন, গ্রেফতার তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিদ্যমান মামলাগুলোর পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।



























