বুধবার ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ১৪ জুলাই ২০২৬

সংসদ ভবনে প্রবেশের চেষ্টা শিক্ষার্থীদের, লাঠিচার্জে ছত্রভঙ্গ করল পুলিশ

সংসদ ভবনে প্রবেশের চেষ্টা শিক্ষার্থীদের, লাঠিচার্জে ছত্রভঙ্গ করল পুলিশ
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিকেলে সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে তারা জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছান। সন্ধ্যা ৬টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

জাতীয় সংসদে অধিবেশন চলার সময় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ভুয়া, ভুয়া’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে শিক্ষার্থীরা সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

পুলিশ পরে ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের জাতীয় সংসদের প্রধান ফটক এলাকা থেকে আসাদগেটের দিকে সরিয়ে দেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপের চেষ্টা করেন বলেও জানা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগে ঘোষণা দিয়েছিলেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং আগামী পরীক্ষাগুলো স্থগিত করে নতুন রুটিন প্রকাশ।

জনপ্রিয়