বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ২৬ আগস্ট ২০২৬

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার
ছবি: সংগৃহীত

৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে দুজনকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। 

রোববার উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পরে তাদের তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানা এসআই শাহিনুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, এএসআই মো. শফিকুল ইসলাম এ থানায় অনিয়মিত হিসাবে দায়িত্বরত ছিলেন। তার গ্রেফতারের বিষয়টি আমরাও শুনেছি। 

জনপ্রিয়