যবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গবেষণা পুকুর এলাকায় গিয়ে শেষ হয়। পরে গবেষণা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। শিক্ষার্থীরা রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে নতুন প্রজন্মকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। মাছের অভয়ারণ্য সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইলিশসহ দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে শিক্ষার্থীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান বাংলাদেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও টেকসই ব্যবহারের মাধ্যমে একটি পুষ্টিসমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এফএমবি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. সুব্রত মণ্ডল, অধ্যাপক ড. মঞ্জুরুল হক, অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



























