মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের এ কর্মসূচি শুরু হয়। পরে মিরপুর ১১ ও ১২ নম্বর এবং প্রশিকা মোড় এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ।
শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে তাঁদের দাবির পক্ষে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।
এতে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। মিরপুরের পাশাপাশি আশপাশের এলাকাতেও যানবাহন ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে।



























