মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে গোলচত্বর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মিরপুর ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।
পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।
পুলিশ জানায়, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সকালে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে যানজট ছড়িয়ে পড়ে।



























