রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ১ নভেম্বর ২০২৬

দেড় ঘণ্টা পর মিরপুর-১১ মেট্রোস্টেশন চালু

দেড় ঘণ্টা পর মিরপুর-১১ মেট্রোস্টেশন চালু
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের যাত্রীসেবা।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্টেশনটিতে পুনরায় ট্রেন চলাচল ও যাত্রী ওঠানামা শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, পুলিশের তৎপরতায় দুপুর ২টার দিকে মিরপুর-১১ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর বন্ধ থাকা মেট্রোরেল স্টেশনের কার্যক্রম চালু করা হয়। একই সঙ্গে মিরপুর-১১ থেকে মিরপুর-১০ পর্যন্ত সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শ্রমিকেরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

এর মধ্যে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের ধাওয়া করেন।

বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুরো মিরপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে পল্লবী স্টেশনের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে সেটি পুলিশের গাড়ি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়