রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের খোঁজাপুর গোরস্থানের প্রাচীর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মোস্তফা (৫০) মহানগরীর ডাশমারী এলাকার তৈমুর উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার পরপরই স্থানীয়রা অচেতন অবস্থায় গোলাম মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরেই মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলায় ঘাতককে শনাক্ত করতে পারা যায়নি।
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার ও মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।



























