পাম্পে তেল নিতে গিয়ে বাক-বিতণ্ডা, যুবক নিহত
ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় বাক-বিতণ্ডার জেরে পাম্পের কর্মীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিন পাম্প কর্মীকে আটক করেছে। এছাড়া ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাটি ঘটে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশন-এ শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।
নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিহত নিরব নামের যুবক এদিন সন্ধ্যায় বোতলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান। প্রথমে পাম্পের কর্মীরা তেল দিতে অস্বীকৃতি জানালে তিনি কিছুক্ষণ পর আবার পাম্পে ফিরে আসেন। এরপর তিনি অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখেন এবং প্রতিবাদ করেন। এসময় পাম্পের কর্মীরা লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা নিরবকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর র্যাব পাম্পের তিন কর্মীকে আটক করেছে।
নিরবের খালাতো ভাই সোহেল বলেন, “আমার ভাই খুব সাধারণ মানুষ। মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে তার সামান্য কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। কিন্তু পাম্পের কর্মীরা লাঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।”
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, “নিরব নামের যুবক পাম্পে তেল নিতে আসে। এসময় পাম্পের কর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডার জেরে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে।”



























