বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ১১ মার্চ ২০২৬

এনসিপি-যুবশক্তির সঙ্গে যুবদলের মারামারি, আহত ৬

এনসিপি-যুবশক্তির সঙ্গে যুবদলের মারামারি, আহত ৬
ছবি: সংগৃহীত

ঢাকাগামী ফারহান-০৪ লঞ্চ–এ এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে হাতিয়া উপজেলাতে এনসিপি-যুবশক্তি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি মিছিল থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ওছখালী শহর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষকদের বিচারের দাবিতে এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা হাসপাতাল এলাকার দিক থেকে জিরো পয়েন্টের দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময়ে বিপরীত দিক থেকে যুবদলের নেতাকর্মীরাও আরেকটি মিছিল নিয়ে ওই এলাকায় পৌঁছান।

এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ নোয়াখালীর তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ফারহান-০৪ লঞ্চে এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে। পরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।