বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ১১ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের ডিফেন্সে দীর্ঘদিন ভরসার প্রতীক ছিলেন তিনি। গতি, দৃঢ়তা ও অভিজ্ঞতায় বহু গুরুত্বপূর্ণ ম্যাচে দলের আস্থার জায়গা হয়ে ওঠা সেই ফুটবলার এবার আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানালেন। আসন্ন বিশ্বকাপের মাত্র তিন মাস আগে এমন সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বকে খানিকটা অবাকই করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়াকার।

৩৫ বছর বয়সী এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। বিদায়ী বার্তায় ওয়াকার বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে ইংল্যান্ডের হয়ে যা অর্জন করেছি, তাতে আমি ভীষণ গর্বিত।”

১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের জার্সিতে ৯৬টি ম্যাচ খেলেছেন ওয়াকার। জাতীয় দলের হয়ে তিনি পাঁচটি বড় টুর্নামেন্টে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে ইউরো ২০২০ ও ইউরো ২০২৪-এর ফাইনাল এবং ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারকে তিনি “স্বপ্নের মতো এক যাত্রা” বলে উল্লেখ করেন। ওয়াকার বলেন, “পাঁচটি বড় টুর্নামেন্টে খেলা, ফাইনালে ওঠা এবং এমন একটি দলের অংশ হওয়া—সবকিছুই আমার জন্য বিশাল সম্মানের। বিভিন্ন কোচ ও সতীর্থদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সাবেক কোচ ফাবিও ক্যাপেলো, রয় হজসন, গ্যারেথ সাউথগেট, লি কার্সলে এবং বর্তমান কোচ থমাস টুখেল-কে।

সমর্থকদের উদ্দেশ্যে ওয়াকার বলেন, “বছরের পর বছর আপনারা যে সমর্থন দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ছেলেদের পাশে থাকুন, তারা আপনাদের সমর্থন চায়—যাতে দেশের জন্য গর্বের কিছু অর্জন করতে পারে।”

২০১১ সালে ফাবিও ক্যাপেলোর অধীনে স্পেনের বিপক্ষে ওয়েম্বলিতে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় ওয়াকারের। প্রথম ম্যাচে বদলি হিসেবে নামলেও পরের ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথম একাদশে খেলেই ম্যাচসেরা হন তিনি। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৫ সালের জুনে সেনেগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ।

ক্লাব ক্যারিয়ারে ওয়াকার খেলেছেন শেফিল্ড ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি, এসি মিলান এবং বর্তমানে বার্নলি-তে। ম্যানচেস্টার সিটির হয়ে ৩১৯ ম্যাচ খেলে তিনি জিতেছেন ১৭টি বড় শিরোপা। ২০২৫ সালের শুরুতে সিটি ছাড়ার পর ধারে মিলানে যান, পরে যোগ দেন বার্নলিতে।