যশোরের এক মসজিদে ৭৫ বিদেশিসহ ১৬০০ মুসল্লির ইতিকাফ
যশোর সদর উপজেলার রামনগরের সতীঘাটায় অবস্থিত আশরাফুল মাদারিস কম্পাউন্ডের মসজিদে এবার সুন্নত ইতিকাফে বসেছেন প্রায় ১,৬০০ মুসল্লি, যাদের মধ্যে ৭৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত এসব মুসল্লি রমজানের শেষ দশককে ইবাদতে কাটাতে এখানে সমবেত হয়েছেন।
মাদরাসা কর্তৃপক্ষ ইতিকাফে অংশগ্রহণকারীদের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মুসল্লিদের সুবিধার্থে ইফতার, রাতের খাবার এবং সাহরির ব্যবস্থা সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় করা হচ্ছে।
আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ জানান, তাদের মসজিদে কয়েক বছর ধরেই বড় পরিসরে ইতিকাফের আয়োজন করা হচ্ছে। ২০২৩ সালে প্রথমবারের মতো এখানে বৃহৎ পরিসরে ইতিকাফ অনুষ্ঠিত হয়, এরপর থেকে দেশ-বিদেশের মুসল্লিদের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে।
তিনি আরও জানান, এবার ইতিকাফে অংশ নেওয়া ১,৬০০ মুসল্লির মধ্যে ৭৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। তারা ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও পানামাসহ বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন।
আশরাফুল মাদারিসের শিক্ষাসচিব হাফেজ মাওলানা সাব্বির আহমাদ জানান, মূলত শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি (রহ.)-এর সিলসিলার অনুসারীরাই এখানে ইতিকাফে অংশ নেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকার নাগরিক শায়খ ইব্রাহিম আফ্রিকি এই সিলসিলার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব। তিনি যেখানেই অবস্থান করেন, তার অনুসারীরা দেশ-বিদেশ থেকে সেখানে সমবেত হন। এ বছর তিনি যশোরে অবস্থান করায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু আলেম ও অনুসারী এখানে ইতিকাফে অংশ নিয়েছেন।
এদিকে যশোর শহরের দড়াটানা মসজিদের খতিব এবং দড়াটানা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আমানুল্লাহ কাসেমীও এবার এখানে সুন্নত ইতিকাফে বসেছেন। তিনি জানান, ইতিকাফে থাকা মুসল্লিদের খেদমতের জন্য যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানকার খানকায়ে মাহমুদিয়ার তত্ত্বাবধানে।



























