শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৭, ১৪ মার্চ ২০২৬

গোপালগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা

গোপালগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক কালাম তালুকদারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের পর কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক কালাম তালুকদারকে রাতেই গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত কালাম তালুকদার কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের আলো পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। তিনি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের শ্রীফলবাড়ি গ্রামের প্রয়াত জবেদ আলী তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক কালাম তালুকদার জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে তিনি ইউএনও কার্যালয়ের হলরুমে যান। সভা চলাকালীন কক্ষ থেকে বের হওয়ার সময় কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা এবং ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি হামিম বিশ্বাসসহ ১০-১২ জন তাকে অতর্কিতভাবে ঘিরে ধরে হামলা চালান।

তিনি আরও জানান, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং টেনে-হিঁচড়ে নিচতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় হামলাকারীরা তাকে উপজেলায় না যাওয়ার হুমকি দিয়ে বলেন, “তোরা আর সাংবাদিকতা করতে পারবি না। তোদের যেন আর কোথাও না দেখি।”

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রকাশ্যে এমন হামলার ঘটনায় গোপালগঞ্জ জেলা ও উপজেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান বলেন, “বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”