শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৮, ১৪ মার্চ ২০২৬

ইরানের ব্যাপক হামলায় জ্বলছে তেল আবিব

ইরানের ব্যাপক হামলায় জ্বলছে তেল আবিব
ছবি: সংগৃহীত

শুক্রবার রাতের অন্ধকার হঠাৎই ছিন্নভিন্ন হয়ে ওঠে ক্ষেপণাস্ত্রের আলোকরেখায়। আকাশজুড়ে ঝাঁকে ঝাঁকে আগুনের দাগ, সঙ্গে অবিরাম সাইরেন—এভাবেই মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে সংঘাতের বার্তা দিল ইরান। কুদস দিবস পালনের পরপরই ইসরাইলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান, যা প্রতিশোধমূলক আক্রমণের অংশ বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলের একটি সড়কের পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলি উঠতে দেখা গেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারীরা। সেখানে দেখা যায় একটি গুদামঘরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে সেটি কীসের গুদামঘর ছিল বা এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রকাশ করা হয়নি।

এর আগে শুক্রবার রাতেই সাইরেনের শব্দের মধ্যে তেল আবিবের আকাশ ক্ষেপণাস্ত্রের আলোয় ঝলসে ওঠে। একাধিক ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দেখা যায়, শহরের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্রের আলোর রেখা ছুটে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তেল আবিবের কয়েকটি এলাকা থেকে আগুন জ্বলতে এবং ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কথিত যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। শুক্রবারের এই হামলাকে সেই উত্তেজনারই বড় ধরনের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আলজাজিরা