টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার নল্যা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক আকবর আলী (৫৫), তিনি ধনবাড়ী উপজেলার সেনবাড়ী এলাকার বাসিন্দা। এছাড়া জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি বাঙ্গালি পাড়া এলাকার ওমর ফারুক (৫০) এবং একই উপজেলার কামরাবাদ এলাকার খোকন মিয়া (৪৫) নিহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আকবর আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে জানা গেছে।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত তিনজনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ধনবাড়ী থানা পুলিশের উপস্থিতিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুস সালাম সিদ্দিক বলেন , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিএনজি ও বাসচালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।



























