মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ১৭ মার্চ ২০২৬

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায়
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে পবিত্র ঈদের ছুটি, আর এর সঙ্গে সঙ্গেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, বিশেষ করে উত্তরবঙ্গমুখী রুটে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। তবে স্বস্তির বিষয় হলো—এখনও পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। এর মধ্যে ঢাকাগামী ১৫ হাজার ৫৮৩টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা এবং উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫টি যানবাহন থেকে এসেছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা থাকায় এই অংশে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলমান থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

যানজট এড়াতে মহাসড়ক পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যমুনা সেতুর উভয় পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে, যার মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা বুথও রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে চালুর পর থেকেই যমুনা সেতুতে টোল আদায় হয়ে আসছে। আগে কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) এই দায়িত্বে থাকলেও, ২০২৪ সালের শেষ দিক থেকে বর্তমানে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন টোল আদায়ের দায়িত্ব পালন করছে।

সর্বশেষ