বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির–এর বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তার তিনতলা বাসা থেকে বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ প্রশাসন।
পুলিশ জানিয়েছে, চোর শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে একাধিক টিম মাঠে কাজ করছে। তদন্তের অংশ হিসেবে বাগেরহাট শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার কোনো ভাঙারি দোকানে বিক্রি করা হতে পারে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঝড়ো বৃষ্টি শুরু হলে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সুযোগে চোরচক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও দুর্বৃত্তরা সেগুলোর নজর এড়িয়ে বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা জড়িত তা উদ্ঘাটনে আমাদের একাধিক টিম কাজ করছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



























