সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী
মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না, কঠিন হবে। সবকিছুর দাম বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “একটি দলের কিছু নেতা হয়তো বেহেশতে পৌঁছানোর কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমরা কাজের মাধ্যমে বেহেশতে যাব। ধর্মকে কখনো ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করা যায় না। দেশের প্রায় ৯০ ভাগ মানুষ ধার্মিক। আমরা কাজ করতে এসেছি এবং সৎভাবে কাজ করে যাব।”
মির্জা ফখরুল বলেন, “তাদের কথায় বিভ্রান্ত হবেন না, তারা মা-বোনদের বেহেশতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভুল পথ দেখায়। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কেউ বেহেশতে যেতে পারে না। সৎ থাকতে হবে, হালাল রুজি আয় করতে হবে।” তিনি খাল খননের কাজে সততা ও ভালোভাবে কাজ করার কথাও উল্লেখ করেন।
তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন, “যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমে গেছে। তবে তেল পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। আমরা কঠোর হস্তে আইনবহির্ভূত কর্মকাণ্ড দমন করব। গায়ের জোরে আইন অমান্য করতে কাউকে দেওয়া হবে না।”



























