বাগেরহাটে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১
বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ী গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে বিরোধ চলছে। দুই বংশের (গোষ্ঠী) এই পূর্ববিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অভিযান পরিচালনা করছেন।
একজন নিহতের খবর নিশ্চিত করে ঘটনাস্থল থেকে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
অপরাধীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।



























