শুক্রবার ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ২৭ মার্চ ২০২৬

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম
ছবি: সংগৃহীত

টানা অনিশ্চয়তা ও ওঠানামার পর অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে বৈশ্বিক তেলবাজারে। সপ্তাহজুড়ে অস্থিরতার পর শুক্রবার (২৭ মার্চ) দিনের শুরুতেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

তেলের দাম কমার পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক ঘোষণা। তিনি জানিয়েছেন, ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখা হবে। এতে বৈশ্বিক বাজারে উত্তেজনা কিছুটা কমেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৭.১১ ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮৩ সেন্ট বা ০.৮৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.৬৫ ডলারে নেমে এসেছে।

এর ফলে আগের সেশনে দেখা দেওয়া ঊর্ধ্বমুখী প্রবণতা অনেকটাই কমে গেছে।