খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
খুলনা নগরীতে ফজরের নামাজ চলাকালে একটি মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মসজিদ কমিটির এক নেতাসহ দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (১৪ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরের দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম শেখ (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা সরাসরি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আলম শেখও গুলিবিদ্ধ হন। গুলিতে আহত হয়ে দুজনই মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলির শব্দ শুনে অন্যান্য মুসল্লি ও স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়।
খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
তিনি আরও জানান, লোকমান হাকিম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একজন ঠিকাদার এবং জ্বালানি তেল ব্যবসায়ী। পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণে এ হামলা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।



























