রোববার ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:২৩, ১৩ জুন ২০২৬

কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১২ জুন) রাত ১০টার পর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (১৩ জুন) দুপুরে একটি মামলা করা হয়েছে।  
প্রত্যক্ষদর্শী ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তিনি কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ের অদূরে অবস্থান করছিলেন। এ সময় কার্যালয়ের ভেতরে আলো দেখতে পান। কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত কার্যালয়ের দিকে এগিয়ে গেলে বারান্দায় আরো একটি বিস্ফোরণ ঘটে।

পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে সে সময় সেখানে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তারা দ্রুত সরে গিয়ে প্রথমে থানায় এবং পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু জানান, শুক্রবার রাত ১০টার কিছুক্ষণ আগে তিনি পার্টি অফিস থেকে বাড়িতে আসেন। খাওয়াদাওয়া শেষে ফোনে খবর পেয়ে অফিসে যান।

এ সময় অফিসের ভেতরে ও বাইরে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ বোমা হামলার বিষয়টি তদন্ত করছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, এ ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ বাদী হয়ে শনিবার থানায় একটি মামলা করেছেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়