মঙ্গলবার ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ১৫ জুন ২০২৬

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং অন্তত ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) এবং সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিকরহাটি গ্রামের পলাশ খান পক্ষের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খান পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেলের বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পাশাপাশি ১৫টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় দুর্বৃত্তরা পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়