শুক্রবার ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ১৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৭ জুন) তারেক রহমানের আগমন উপলক্ষে অনুষ্ঠানস্থলে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে সোহেল রানা হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন।

এতে সেখানে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোহেল রানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক হারুন জানান, মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে সোহেল রানা ওই স্লোগান দিচ্ছিলেন। পরে উপস্থিত লোকজন তাকে মারধর করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বর্তমানে তিনি থানায় রয়েছেন।

তবে এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বুধবার শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলা সদরে আসার কথা রয়েছে তারেক রহমানের। তার সফরকে ঘিরে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনপ্রিয়