শুক্রবার ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ১৮ জুন ২০২৬

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল
ছবি: সংগৃহীত

ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় কারাগারে থাকা শিবির নেতা জিসান মিয়া প্রধানের পক্ষ নেয়া দুই আইনজীবীর (এপিপি) নিয়োগ বাতিল করেছে মন্ত্রণালয়। তারা কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিলের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য সঠিক ও বিষয়টি অবগত হয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

আদেশে বলা হয়, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ২৯ অক্টোবর জারি করা নিয়োগসংক্রান্ত স্মারকের মাধ্যমে তাদের যে নিয়োগ প্রদান করা হয়েছিল, তা অবিলম্বে বাতিল করা হলো। আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ, পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। একইসঙ্গে আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশের জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

নিয়োগ বাতিল হওয়া এপিপি অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী বলেন, ‘শিবির নেতা জিসানের আইনজীবী হিসেবে আমরা ওকালতনামায় স্বাক্ষর করিনি। গত মঙ্গলবার শুধুমাত্র মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছি শিবির নেতা জিসানের পক্ষে। এই কারণে আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে বলে মনে করছি।’

পিপি কাইমুল হক রিংকু বলেন, ‘এটা অস্থায়ী দায়িত্ব। আমি খবর নিয়েছি তাদের নিয়োগ মন্ত্রণালয় থেকে বাতিল করা হয়েছে।’

আলোচিত শিবির নেতা জিসানকে গত মঙ্গলবার কুমিল্লার আদালতে তোলা হয়। আদালতে তোলার পর জিসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সিনিয়র বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ। এ সময় জিসানের পক্ষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন ওই দুই আইনজীবী।

জনপ্রিয়