বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ২৫ জুন ২০২৬

পার্বতীপুরে নদীতে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

পার্বতীপুরে নদীতে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মধ্যপাড়া ভাদুড়ী বাজার এলাকার তৌহিদের স্ত্রী আকলিমা খাতুন এবং তার চাচাশ্বশুর দুলাল হোসেনের দুই মেয়ে সুরভি আক্তার ও দুলালি আক্তার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কালনদীতে গোসল করতে নামেন তারা। একপর্যায়ে সুরভি ও দুলালি পানিতে ডুবে যেতে থাকেন। তাদের উদ্ধার করতে গেলে আকলিমা খাতুনও পানিতে তলিয়ে যান। পরে আকলিমার স্বামী তৌহিদ তাদের খুঁজতে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

জনপ্রিয়