বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ২৫ জুন ২০২৬

জীবনটা নিজের মতো করে নিতে হয় : মিমি

জীবনটা নিজের মতো করে নিতে হয় : মিমি
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় তারকাদের ঝলমলে উপস্থিতি নতুন কিছু নয়। তবে কখনও কখনও সেই ঝলক ছাড়িয়ে নজর কাড়ে একেবারে সহজ-সরল, নির্ভার কিছু মুহূর্ত। ঠিক তেমনই এক ফ্রেমে এবার ধরা দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। রূপালি পর্দার গ্ল্যামার ছেড়ে প্রকৃতির সবুজে, ফল বাগানের শান্ত পরিবেশে নিজেকে মেলে ধরলেন এই অভিনেত্রী—আর তাতেই মুগ্ধ হয়েছেন ভক্তরা।

অভিনয় দক্ষতা দিয়ে বহু আগেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মিমি চক্রবর্তী। বড় পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। কাজের আপডেট থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের ছোট ছোট আনন্দঘন মুহূর্ত—সবই নিয়মিত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফল বাগানে কাটানো কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন মিমি। আর সেসব ছবিতেই ধরা পড়েছে তার একেবারে স্বতঃস্ফূর্ত, অনাড়ম্বর রূপ। কোনো ভারী সাজ নয়, নেই গ্ল্যামারের বাড়তি আয়োজন—সম্পূর্ণ ক্যাজুয়াল আর মেকআপহীন লুকে দেখা গেছে অভিনেত্রীকে। আর তাতেই যেন তার সৌন্দর্য হয়ে উঠেছে আরও বেশি সাবলীল, আরও বেশি প্রাণবন্ত।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেও জীবনের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন মিমি। তিনি লিখেছেন, ‘জীবনটা নিজের মতো করে নিতে হয়, শিখেছি এটা, সত্যি বলছি। কে কী করল, কে কী বলল তা না ভেবে, যেমনই হোক নিজের মতো করে আনন্দে চললে সব ভালো হতে বাধ্য। কারণ জীবন তো একটাই।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, সবুজ গাছগাছালিতে ঘেরা মনোরম এক ফল বাগানে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কোথাও কালো রঙের স্লিভলেস টপস ও ট্রাউজার পরে গাছের মিষ্টি জামরুল ছুঁয়ে হাসিমুখে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। আবার অন্য একটি ছবিতে সাদা টি-শার্ট পরে এক থোকা কাঁচা লেবু চোখের সামনে ধরে কিউট ভঙ্গিতে সেলফি তুলেছেন। আরেকটি ছবিতে বাগানের কাঠের রেলিং ও বাঁশের খুঁটি ধরে খোশমেজাজে বসে থাকতে দেখা গেছে তাকে।

সব মিলিয়ে, মিমির এই ছবিগুলো যেন শুধু এক অভিনেত্রীর ফটোডাম্প নয়; বরং ব্যস্ত জীবনের ফাঁকে প্রকৃতির সান্নিধ্যে নিজেকে খুঁজে পাওয়ার এক সহজ, সুন্দর প্রকাশ। আর সেই স্বাভাবিক সৌন্দর্যেই আবারও নেটিজেনদের মন জয় করলেন এই তারকা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়