বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে ৭০০ টাকা দিলেন নাসির-সারজিস
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, নিহতের পরিবারের পাশে দাঁড়াতে(২৬ জুন) শুক্রবার কুলাউড়া যান জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সমন্বয়ক সারজিস আলম। স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে তারা নিহত মুজিবের পরিবারের হাতে মাত্র ৭০০ টাকা তুলে দেন।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অল্প কিছু টাকা হাতে পেয়ে হতবাক নিহতের স্বজনরা। চোখের পানি ধরে রাখতে পারেননি নিহত মুজিবের মা ও স্ত্রী।
ভিডিওতে দেখা যায় মুজিবের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার তিনটি শিশু নিয়ে এখন আমি অসহায়, একটি শিশু আমার গর্ভে রয়েছে। ঢাকা থেকে এনসিপির নেতারা আমার বাড়িতে এসেছিলেন, এলাকার মানুষরা বলতেছে আমরা না কি ৩ থেকে ৪ লাখ টাকা পেয়েছি, কিন্তু না উনারা মাত্র ৭০০ টাকা তুলে দেন আমার শাশুড়ির হাতে। একটা মানুষ মারা গেল, তার বদলে ৭০০ টাকা, এই টাকা দিয়ে আমরা কী করব! উনারা যে বহর নিয়ে এসেছিলেন এলাকার মানুষ ভাবছে, আমরা অনেক টাকা পয়সা পেয়েছি। ’
এ ঘটনার পর কুলাউড়ার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নেতারা যদি এভাবে লোক দেখানো সহায়তা দেন, তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আসল উদ্দেশ্যটাই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে।
এ বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বা সার্জিস আলমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: টাইমস টুডে



























