চরিত্রটি ছোট হলেও মানুষ প্রশংসা করছে : ইভা
চরকি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ মুক্তির পর দর্শকদের আলোচনায় উঠে এসেছে একটি ছোট কিন্তু গভীর প্রভাব ফেলা চরিত্র—‘হালিমা’। পর্দায় অল্প সময়ের উপস্থিতিতেই আবেগ, অভিমান আর অপূর্ণ ভালোবাসার অনুভূতি নিখুঁতভাবে ফুটিয়ে তুলে প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী ফাতেমা তুজ জোহরা ইভা।
কাজী আসাদ পরিচালিত ‘লাইফলাইন’ চলচ্চিত্রে হালিমা কুরবানের প্রাক্তন প্রেমিকা। বর্তমানে তিনি অন্যের স্ত্রী হলেও মনের ভেতর রয়ে গেছে অসমাপ্ত ভালোবাসার ক্ষত। কুরবানকে অন্য এক তরুণীর সঙ্গে দেখে তাঁর ক্ষোভ, অভিমান ও না-পাওয়া ভালোবাসার বেদনা সংযত অভিনয়ের মাধ্যমে পর্দায় জীবন্ত করে তুলেছেন ইভা। চোখের ভাষা, সংলাপ উপস্থাপন এবং স্বাভাবিক অভিনয়ে চরিত্রটি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
নিজের এই কাজ নিয়ে ইভা বলেন, “ওটিটিতে এটা আমার দ্বিতীয় কাজ। প্রথম কাজ ছিল হইচইতে। তবে চরকিতে এটাই আমার প্রথম কাজ। লাইফলাইন ছাড়াও চলচ্চিত্রে কাজ করেছি, নিয়মিত বিজ্ঞাপনেও কাজ করছি। হালিমা চরিত্রটি ছোট হলেও এটি নিয়ে মানুষ কথা বলছেন, সামাজিক মাধ্যমে পোস্ট করছেন। এটা আমার জন্য শুধু ভালো লাগার নয়, বড় অনুপ্রেরণাও।”
প্রায় এক দশকের অভিনয়জীবনে নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও বিজ্ঞাপনে কাজ করেছেন ফাতেমা তুজ জোহরা ইভা। গ্রামীণফোনের জনপ্রিয় বিজ্ঞাপন ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’–এর মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এরপর ‘জংলী’, ‘মাস্টার’, হইচইয়ের ওয়েব সিরিজ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র ‘নির্বাণ’–এও অভিনয় করেছেন।
‘লাইফলাইন’-এ ‘হালিমা’ চরিত্রের মাধ্যমে ইভা আবারও প্রমাণ করলেন, একজন শিল্পীর সাফল্য শুধু পর্দায় উপস্থিতির দৈর্ঘ্যে নয়; বরং আন্তরিক ও বিশ্বাসযোগ্য অভিনয়ই তাঁকে দর্শকের মনে দীর্ঘস্থায়ী করে তোলে।



























