‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’ ছাত্রদল নেতাকে এসপি
কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর মধ্যে পালটা-পালটি বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি। এটা পলিটিক্স মঞ্চ না’।
বৃহস্পতিবার জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আলোচনা সভায় জেলার লাকসামে জুলাই শহীদ জিসানের বাবা নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ সময় ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক তাকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ করা হয়।
শহীদ জিসানের বাবার বক্তব্যের সূত্র ধরে কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ করে বলেন, আপনি কুমিল্লায় আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লায় চলে এসেছে। জিসানের বাবাকে হুমকির ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে।
এমন বক্তব্যের জবাবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এটা পলিটিক্সের মঞ্চ না, একটা বাহিনী সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিংয়ে কথা বলবেন তখন তথ্য নিয়ে কথা বলবেন।
এ প্রসঙ্গে আবারও মাইক নিয়ে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু বলেন, আমরা যখন আপনাদের তথ্য দেই তখন আপনারা গ্রেফতার করেন না।
এর জবাবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, আপনারা নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না তাদেরই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আরও বলেন, ৫ আগস্টের পরে দেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। এখনো ফ্যাসিস্টের লোকজন তো আছেই পুলিশে। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। মাত্র চার মাস এই সরকারের বয়স। সরকারকে সময় দিতে হবে একটা বাচ্চাও খাওয়া শিখতে ৯-১০ মাস লাগে।
পুলিশ সুপার বলেন, দেশে বিচার হচ্ছে; ইতোমধ্যেই হাসিনার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ পুলিশের হাবিবের ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করেন। আমি নিজেই অনেকের বিরুদ্ধে চার্জশিট দিয়ে এসেছি ঢাকায়।
আলোচনায় উপস্থিত ছিলেন- কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।



























