বাসায় ডেকে নিয়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াত নেতা আটক
পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজের কথা বলে বাসায় ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামের এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার মাধবখালি ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান মাহাবুব মাধবখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে।
জানা গেছে, বাড়ির পাশে তার একটি ফার্মেসির দোকান রয়েছে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক।
নারীর অভিযোগ, জামায়াত নেতা মোস্তাফিজুর তার ভাতিজার জন্য তাবিজ দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঘরে এনে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
এ ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে এখনো কেউ জানায়নি। তবে অভিযোগ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, এ বিষয়ে ওই নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। আসামি মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে।



























