মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ২৭ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা নিয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে : জবি উপাচার্য

জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা নিয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে : জবি উপাচার্য
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন  উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় ধারাবাহিকভাবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে জুলাই উদযাপন কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) বিভাগটির শ্রেণিকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খ্রিস্টীন রিচার্ডসন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন। মূল বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এর অর্জন, তাৎপর্য ও প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলে বলেন, জুলাইয়ের দুই বছর পূর্তিতে আমাদের অর্জন কী? আমরা কেন জুলাই উদযাপন করি এবং কেন জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল—এই প্রশ্নগুলোর উত্তর ও তাৎপর্যকে সমন্বিতভাবে অনুধাবন করতে পারলেই জুলাই উদযাপনের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।
আইন ও বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব ও প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে আইনকে তার স্বাভাবিক ও সঠিক গতিতে চলতে দেওয়া হয়নি। বিচারিক কার্যক্রমেও বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার ঘাটতি ছিল। এমনকি দেশের প্রধান বিচারপতিকেও প্রাণের আশঙ্কায় দেশত্যাগ করতে হয়েছিল, যা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এ ধরনের পরিস্থিতি ও অনিয়মের কারণেই জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক আন্দোলন সংঘটিত হয়েছিল।

উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর কৃতিত্ব দাবি করার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জুলাই ছিল আপামর জনগণের আন্দোলন। ছাত্র-জনতার সম্মিলিত শক্তিই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল চালিকাশক্তি। তাই এর অর্জন ও তাৎপর্যকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক কৃতিত্ব হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে আমাদের এর শিক্ষা গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তির স্বাধীনতা হরণ করা হলে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হলে কিংবা কেউ জোর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ভবিষ্যতে আবারও জুলাইয়ের মতো গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতে পারে। ১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়ার কারণেই জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার জন্ম হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে উপাচার্য মহোদয় বলেন, এই বিশ্ববিদ্যালয়েও অতীতে ফ্যাসিবাদের প্রচ্ছন্ন ছায়া ছিল। অনেক ক্ষেত্রে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে যথাযথ প্রতিবাদ করা হয়নি। চারপাশের মানুষ যদি অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সচেতন ও প্রতিবাদী থাকে, তাহলে কোনো ব্যক্তির পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠা সম্ভব নয়। তাই অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তোলা এবং জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে ও প্রতিটি স্তরে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে বিচারকসহ আইন ও বিচারসংশ্লিষ্ট বিভিন্ন পেশায় দায়িত্ব পালন করবেন। তাঁদের ন্যায়, সত্য ও আইনের শাসনের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে এবং কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় বা প্ররোচনা দেওয়া থেকে বিরত থাকতে হবে। ন্যায় ও সত্যের সঙ্গে তাঁদের সবসময় অবস্থান করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

মূল বক্তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মশিউর রহমান জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আইনের শিক্ষার্থী ও আইনজীবীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়