বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিবির নেতাদের ওপর হামলা

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিবির নেতাদের ওপর হামলা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কেন্দ্রীয় ও জেলা ছাত্রশিবিরের তিন নেতার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার খেলনা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই তিন নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

হামলার শিকার নেতারা হলেন- কেন্দ্রীয় ছাত্রশিবিরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইসমাইল-ইলাহী, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি ফোরকান খান ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিব।

জানা যায়, হামলার সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তারা কয়েকজন মিলে সদর উপজেলার খেলনা এলাকায় পদ্মবিলে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি। তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং ঘটনার পরপরই সাবেক এক ছাত্রলীগ নেতার ফেসবুক পেজে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ভিডিও আপলোড করার বিষয়টি নজরে এসেছে। এর ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হতে পারে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়