বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ৯ সেপ্টেম্বর ২০২৬

অস্ত্র উদ্ধারে তথ্য দিন, মিলবে পুরস্কার: পঞ্চগড়ের পুলিশ সুপার

অস্ত্র উদ্ধারে তথ্য দিন, মিলবে পুরস্কার: পঞ্চগড়ের পুলিশ সুপার
ছবিঃ প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা ও আটোয়ারীতে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে পৃথক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বোদা ও আটোয়ারী থানা কম্পাউন্ডে পৃথকভাবে অনুষ্ঠিত এ প্যারেডে দুই থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং যেকোনো অপরাধের তথ্য দ্রুত সংশ্লিষ্ট থানায় জানানোর নির্দেশ দেন।

এ ছাড়া এলাকায় সার সংকটের বিষয়েও সজাগ থেকে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশনা দেন পুলিশ সুপার।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্রের সন্ধান বা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সরকারিভাবে পুরস্কার দেওয়া হবে। অস্ত্র উদ্ধারে গ্রাম পুলিশ সদস্যদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

চৌকিদারি প্যারেডে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়