বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ

বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার কর্মী নিয়োগে আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষিকর্মী ও ৫ হাজার মৎস্যকর্মী নিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, ওমানের পক্ষ থেকে বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহের কথা জানানো হয়েছে। কৃষি খাতে ৫ হাজার এবং মৎস্য খাতে আরও ৫ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ইতোমধ্যে চুক্তি হয়েছে।

তিনি জানান, নিয়োগ প্রক্রিয়ার শর্ত ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে পারে। সফরকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের মাধ্যমে কর্মী নিয়োগের বিস্তারিত বিষয় নির্ধারণ করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তবে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানের ভিসা এখনো সীমিত রয়েছে বলেও জানান শামা ওবায়েদ। তিনি বলেন, আগের সরকারের সময়ে তৈরি হওয়া বিভিন্ন সমস্যার কারণে এই সীমাবদ্ধতা রয়েছে।

ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নিয়মিত প্রবেশাধিকার ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা যেন নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে বিষয়ে মাসকাটের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের বৈদেশিক কর্মসংস্থান কৌশলে কারিগরি শিক্ষা ও দক্ষ অভিবাসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ওমানের বিভিন্ন খাতে প্রয়োজনীয় দক্ষ জনবল পাঠানোর মাধ্যমে দেশটির অর্থনীতিতে বাংলাদেশের কর্মীদের আরও বেশি অবদান রাখার সুযোগ তৈরি করতে চায় ঢাকা।

এ বিষয়ে ওমানের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, দুই দেশ এ উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) কয়েকটি দেশে বাংলাদেশিদের ভিসা-সংক্রান্ত বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সরকারের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ইউএইতে ২০০ জনের বেশি বাংলাদেশি আটক হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশটির আইনে এ ধরনের বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় তাদের আটক করা হয়েছিল। পরে বাংলাদেশের পক্ষ থেকে জোরালো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, এসব ঘটনায় নথিপত্র, স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হওয়া এবং অন্যান্য কিছু চ্যালেঞ্জ এখনো রয়েছে। সমস্যাগুলো সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

শামা ওবায়েদ আরও জানান, দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশও একই ধরনের ভিসা-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশটি সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য সেখানে কর্মসংস্থানের সুযোগ আবারও উন্মুক্ত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে।

তবে কর্মী পাঠানোর সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণের আগে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা প্রয়োজন হবে। ওই আলোচনার পর কর্মী নিয়োগের সময় চূড়ান্ত করা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সর্বশেষ

জনপ্রিয়