বিদ্যুৎ নিয়ে ভিডিও পোস্টের জেরে পেট্রোলে পুড়িয়ে হত্যার অভিযোগ
গ্যাস বিদ্যুৎ নিয়ে ভিডিও পোস্ট করায় ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন নামের যুবককে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় বলে অভিযোগ তার স্ত্রী রুনার।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় নিজ বাসা থেকে ফরহাদকে অজ্ঞাত দুই ব্যক্তি ডেকে নিয়ে পাশের রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করে।অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
বুধবার রাত ১০টা। ময়মনসিংহের মুক্তাগাছার মধ্যহিস্যা এলাকা।অন্ধকার রাস্তায় হঠাৎ জ্বলে উঠেছে আগুনের ঝলকানি। দৌঁড়ে নিজের গায়ের আগুন থেকে বাঁচার চেষ্টা করে ফরহাদ। বিবস্ত্র অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরদিন মৃত্যু হয় তার। শুক্রবার ময়নাতদন্ত শেষে বাদ মাগরিব দাফন সম্পন্ন হয় ফরহাদের।
পরিবারের অভিযোগ, নিজ বাসা থেকে ফরহাদকে অজ্ঞাত দুই ব্যক্তি ডেকে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করে। তাদের দাবি, গ্যাস বিদ্যুতের সমস্যা নিয়ে ভিডিও পোস্ট করার পর থেকে ফরহাদকে হত্যার হুমকি দেয়া হয়।
তবে, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগী ভিডিও স্টেটমেন্টে বলেছিলেন, আমার কোনো শত্রু নাই। কেন, কিভাবে কারা এটা করেছে আমি বুঝতে পারি নাই। তবে দুইটা লোক ছিল। কিন্তু তাদেরকে চিনতে পারি নাই।
ওসি বলেন, আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি নাই। সর্বাত্মক এফোর্ট এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে আসামিদের শনাক্ত করা এবং তাদের আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি।
বেকার মুক্তি কর্মসংস্থান’ নামের একটি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন ফরহাদ। এছাড়া ফেসবুকে মাদকবিরোধী বিভিন্ন পোস্ট করতেন তিনি। তাকে পুড়িয়ে হত্যার ঘটনায় শুক্রবার পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।



























