চাঁদপুর সোসাইটি পাদোভার সাংগঠনিক সম্পাদক হলেন মোহাম্মদ আলাউদ্দিন
ইতালিতে বসবাসরত চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘চাঁদপুর সোসাইটি পাদোভা’র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কচুয়া উপজেলার কৃতি সন্তান ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দিন।
রোববার ইতালির পাদোভা শহরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মো. খোরশেদ আলমকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ আলাউদ্দিনের নাম ঘোষণা করা হয়।
প্রবাসী চাঁদপুরবাসীকে ঐক্যবদ্ধ করা, দেশ ও মাতৃভূমির যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে।
মোহাম্মদ আলাউদ্দিন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৫ নম্বর সহদেবপুর পশ্চিম ইউনিয়নের বাঘমারা গ্রামের সন্তান। সমাজসেবায় আগ্রহী এই প্রবাসী সংগঠনের সাংগঠনিক দায়িত্ব পেয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘প্রবাসে এসে দেশের প্রতি মমত্ববোধ ও দেশপ্রেম আরও বহুগুণে বেড়ে গেছে। দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটানোর পাশাপাশি সমাজসেবার ধারাবাহিকতা বজায় রাখতে আমরা কাজ করে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগঠনের সকলের সঙ্গে সমন্বয় করে চাঁদপুর সোসাইটি পাদোভার প্রচার, প্রসার ও সাংগঠনিক বিকাশে আন্তরিকভাবে কাজ করব। সামাজিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
নবগঠিত কমিটির মাধ্যমে প্রবাসী চাঁদপুরবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


























