সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে ৪২ বিজিবি
ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারও জোরদার করছে বাহিনীটি।
সোমবার (১৬ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৪২ বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাতের নিরাপত্তা ও নজরদারি কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাচল করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, সীমান্তে অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



























