সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্রসহ আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে অস্ত্রসহ আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করায় অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে আটকে রাখা হয়।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করার সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে আটক করে।
বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় আমরা তাকে হস্তান্তর করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি তৎপর রয়েছে।”



























