বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৬, ১৭ নভেম্বর ২০২৬

দিনাজপুরে ১২ লাখ টাকার ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুরে ১২ লাখ টাকার ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতিক খান মিম ওরফে মনু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে দিনাজপুর শহরের কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পার্সেল গোডাউনের পেছনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি খাকি কার্টন নিয়ে পালানোর চেষ্টাকালে আতিককে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজতে থাকা কার্টন তল্লাশি করে ৬০০ পাতায় মোট ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া কার্টনের ভেতর থেকে ৭০টি নীল রঙের মিনার ব্র্যান্ডের শোষক তুলার প্যাকেট ও ১৮টি জয় স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট উদ্ধার করা হয়। তার পরিহিত ট্রাউজারের পকেট থেকে একটি ক্যাশ মেমো ও চালান কপিও জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা প্রতিটি ট্যাবলেটের ওজন ০.২৭ গ্রাম। সব মিলিয়ে ট্যাবলেটের ওজন ১ হাজার ৬২০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিক দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসব মাদক বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আতিকের বিরুদ্ধে আগের একটি মাদকসংক্রান্ত মামলার তথ্য রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।
 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়