পীরগঞ্জ সীমান্তে ৫৭ হাজার টাকার নিষিদ্ধ সিরাপ জব্দ করল ৪২ বিজিবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ৪২ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ৪২ বিজিবির অধীন দানাজপুর বিওপির দায়িত্বপূর্ণ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।



























