বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ১৮ নভেম্বর ২০২৬

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। 

বুধবার (১৮ নভেম্বর) ভোর পৌনে ৬টা থেকে পদ্মা নদীতে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথের চ্যানেলে থাকা বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ পরিস্থিতিতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহন ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের কোনো সিরিয়াল নেই বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে বহরের ১০টি ফেরি রয়েছে। তবে ঘাটে যানবাহনের চাপ না থাকায় কোনো সিরিয়াল তৈরি হয়নি।

জনপ্রিয়