চারঘাটে রেললাইনে অগ্নিসংযোগ
রাজশাহীর চারঘাটে রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই লাইনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, দুর্বৃত্তরা রেললাইনে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি সংশ্লিষ্ট স্থানে আটকা পড়ে।
খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রেললাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি-না তা পরীক্ষা করতে স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম জানান, “চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্বদিকের লাইনে বাগমারী এলাকায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”



























