চট্টগ্রামে আওয়ামী লীগের মহানগর সভাপতির বাসভবনে ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ৫০ থেকে ৫৫ জনের একটি দল বাসভবনে ভাঙচুর চালায় বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে নগরের চকবাজার থানার পল্টন রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ঘটনার খবর পেয়ে তাদের একটি দল সেখানে যায়। ঘটনাস্থলে কিছু ভাঙা কাচের টুকরা পাওয়া গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কারা, কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, “ঘটনাটি গতকাল দিবাগত রাতে ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। লিখিতভাবে জানানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে বুধবার রাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তিন শীর্ষ নেতার বাসভবনে অভিযান চালায় পুলিশ। এর মধ্যে মাহতাব উদ্দিন চৌধুরীর পল্টন রোডের বাসভবনেও তল্লাশি চালানো হয়। একই রাতে নগরের আন্দরকিল্লায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসভবন এবং পাঁচলাইশের চশমা হিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পারিবারিক বাসভবনেও অভিযান চালায় পুলিশ।



























