বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১৯ নভেম্বর ২০২৬

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলিবর্ষণ

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলিবর্ষণ
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাশকতা প্রতিরোধে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল আয়োজিত মিছিল লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় কেউ হতাহত না হলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল পৌরশহরের শাপলা চত্বর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে অলিয়াবাদ এলাকা থেকে ঝটিকা মিছিল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

টেকনাফ স্বেচ্ছাসেবক দল নেতা রহমত উল্লাহ জানান, “সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদির ভাই নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুস শুক্কুর তার লোকবল নিয়ে নাশকতার পাঁয়তারা করছে বলে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সড়কে অবস্থান নিই এবং মিছিল বের করি। একপর্যায়ে আমাদের ওপর হঠাৎ গুলি করা হয়।”

সেই মিছিলে অংশ নেওয়া পৌর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুর রহমান বলেন, “স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম মানিক ও তার সহযোগীরা আমাদের মিছিলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। আত্মরক্ষার্থে আমরা কিছুটা পিছু হটলেও পরে আবার ফিরে আসলে ততক্ষণে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পালিয়ে যায়।”

এ ঘটনার একটি ভিডিওর পাশাপাশি একই সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে যেখানে বদির ভাই আব্দু শুক্কুরকে দেখা গেছে বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।

রাত ২টা ২০ মিনিটের দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টেকনাফ পৌর শহর এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাজোয়া যান টহল দিচ্ছে। একই সঙ্গে বিজিবি-পুলিশ ও এসআরবির শতাধিক সদস্য মোতায়েন রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতা অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবক দলের মিছিলে হামলাকারী ও নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলকারীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

জনপ্রিয়