গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রলবোমা নিক্ষেপ
গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রলবোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে ভুরুলিয়া এলাকার পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঙ্গে জড়িতদের শনাক্তের বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।



























