মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও আগুন
নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। প্রথমে বাসার নিচে থাকা তাঁর ব্যক্তিগত কার্যালয়ের কাচ ভাঙচুর করে তারা। পরে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও ক্রেস্ট ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় হামলাকারীরা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেয়। প্রায় আধঘণ্টা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তারা ঘটনাস্থল ত্যাগ করে।
তবে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিখিলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা তাঁর জানা নেই। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও আসেনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন পর্যন্ত মাইনুল হোসেন খান নিখিল মিরপুরের ওই বাসায় ছিলেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



























