পাবনার বেড়ায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ‘পাবনা জেলা ছাত্রলীগ’ নামের ফেসবুক পেজে পোস্ট করা হয়।
এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিক্ষোভ মিছিলটি থানা সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় তারা ফটকের সামনে কিছু সময় স্লোগান দিয়েছেন। তবে একে থানা ঘিরে বিক্ষোভ বলা ঠিক হবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’
রাত ৮টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বেড়া পৌর বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।



























