শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ১৯ নভেম্বর ২০২৬

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে বাড়িতে আগুন দেওয়ার পর বৃহস্পতিবার সকালেও সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনার পেছনে সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানের নির্দেশনা রয়েছে বলে অভিযোগ করেছেন মোসাদ্দিক।

বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল ব্যক্তি মোসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। আগুনে বাড়ির একটি অংশ পুড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবারও বাড়িটিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়। তবে হামলার আগেই পরিবারের সদস্যরা নিরাপদ স্থানে সরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করে বলেন, তার বাড়িতে হামলার ঘটনাটি সাবেক সংসদ সদস্য ফারুক খানের নির্দেশে ঘটানো হয়েছে। বুধবার রাতে বাড়িতে আগুন দেওয়ার পর বৃহস্পতিবার সকালেও ভাঙচুর চালানো হয়। তবে পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন। হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় হামলাকারীরা তুলনামূলক কম ভাঙচুরের সুযোগ পেয়েছে বলেও জানান তিনি।

এদিকে, নিজের ফেসবুক পোস্টে মোসাদ্দিক লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’
 

জনপ্রিয়